মার্কিন পারমাণবিক নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা চীন-রাশিয়ার
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক নীতির কড়া সমালোচনা করেছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে এ সমালোচনা করেন।
বুধবার (২০ মে) বেইজিংয়ে রাষ্ট্রীয় আয়োজনে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র পরিকল্পনা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়ন না হওয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হয়।
যদিও নিরাপত্তা ও কূটনৈতিক নানা বিষয়ে দুই দেশ ঐক্য প্রদর্শন করেছে, তবুও বহু আলোচিত ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্পে কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। মঙ্গোলিয়া হয়ে রাশিয়া থেকে চীনে গ্যাস সরবরাহের এই প্রকল্পটি নিয়ে দুই দেশের মধ্যে গ্যাসের মূল্য ও অর্থায়ন ইস্যুতে মতপার্থক্য রয়েছে বলে জানা গেছে।
ইউরোপীয় বাজারে প্রভাব কমে যাওয়ার পর রাশিয়ার জন্য চীনের সঙ্গে এই জ্বালানি চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বেইজিং এখনো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
বিশ্লেষকদের মতে, নিজ নিজ দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও শি জিনপিং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রভাবশালী ও স্থিতিশীল নেতৃত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এ ছাড়া যৌথ বিবৃতিতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেরও সমালোচনা করেন দুই নেতা।
১২০ বার পড়া হয়েছে