রিকশা চুরির অপবাদ: চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, বাথরুম থেকে লাশ উদ্ধার
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা শহরে ব্যাটারিচালিত রিকশা চুরির অপবাদ দিয়ে আল-আমিন শেখ (৩০) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে শহরের মধ্য মিয়াপাড়ার শরিফ লিটন সড়ক এলাকার একটি বাড়ির কেয়ারটেকারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আল-আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কেয়ারটেকার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল-আমিন। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হয়। এই চুরির পেছনে আল-আমিনের হাত রয়েছে বলে সন্দেহ করেন কেয়ারটেকার কামরুল।
অভিযোগ উঠেছে, বুধবার আল-আমিনকে ওই বাড়িতে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়। খবর পেয়ে আল-আমিনের মা গ্রামের বাড়ি থেকে ওই বাসায় ছুটে আসেন। কিন্তু এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং বাথরুমের মেঝেতে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুর পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১২১ বার পড়া হয়েছে