খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের আতঙ্কে আইসিইউ রোগীর মৃত্যু
বুধবার, ২০ মে, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাসরিন নাহার। তিনি কয়রা উপজেলা-এর বাসিন্দা। তার পিতার নাম নেছার আলী।
বুধবার (২০ মে) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশের একটি কক্ষে আগুন লাগে। আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসজনিত জটিলতায় নাসরিন নাহারকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে তাকে দ্রুত নিচে নামানোর সময় অক্সিজেন মাস্ক খুলে যায়। এতে অক্সিজেনের অভাবজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু জানান, ওই ইউনিটে মোট ১৫ জন রোগী ভর্তি ছিলেন এবং সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে নাসরিন নাহারের স্বজনরা তাকে নিজেরাই সরিয়ে নিচ্ছিলেন। নিচে নামানোর পথেই তার মৃত্যু ঘটে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় একাধিক রোগীর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপপ্রচার।
১২২ বার পড়া হয়েছে