টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলন
বুধবার, ২০ মে, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ছাত্রদল নেতা লাবিব তালুকদারের বিরুদ্ধে এক তরুণকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অভি তালুকদার (১৮) সংবাদ সম্মেলন করে তার ওপর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অভি তালুকদার। তিনি উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লাবিব তালুকদারের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
অভি তালুকদারের দাবি, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছে বিভিন্ন সময়ে টাকা দাবি করা হয় বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সোমবার (১৮ মে) সকালে কলেজের পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় লাবিব তালুকদার সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে মারধর করেন ও হুমকি দেন।
এ ঘটনায় তার মা সাবানা আক্তার ওই দিনই টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
অন্যদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭২ বার পড়া হয়েছে