নরেন্দ্র মোদির সামনে কঠিন প্রশ্ন, উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন ত্যাগ
বুধবার, ২০ মে, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরওয়ে সফরকালে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন নরেন্দ্র মোদি। তবে প্রশ্নের উত্তর না দিয়েই তিনি যৌথ সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন, যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোদি। অনুষ্ঠান শেষে দুই নেতা মঞ্চ ছাড়ার সময় নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিং মোদিকে সরাসরি প্রশ্ন করেন—বিশ্বের অন্যতম স্বাধীন সংবাদমাধ্যমের সামনে তিনি কেন সরাসরি সাংবাদিকদের প্রশ্ন নেন না। কিন্তু মোদি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের ব্রিফিংয়েও একই সাংবাদিক মানবাধিকার পরিস্থিতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ভারতের প্রতি আন্তর্জাতিক আস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও কেন বিশ্ব ভারতের ওপর আস্থা রাখবে এবং মোদি আদৌ ভারতীয় সংবাদমাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন কি না।
জবাবে সিবি জর্জ ভারতের গণতান্ত্রিক কাঠামো ও আন্তর্জাতিক অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত একটি প্রাচীন সভ্যতাভিত্তিক রাষ্ট্র এবং বৈশ্বিক নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারি চলাকালে ভারত বহু দেশে টিকা ও ওষুধ সরবরাহ করেছে বলে তিনি দাবি করেন।
তবে ব্রিফিং চলাকালে সাংবাদিক বারবার অনুসন্ধানী প্রশ্ন করলে সিবি জর্জ কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, প্রশ্ন করার অধিকার সবার আছে, তবে কীভাবে উত্তর দিতে হবে তা নির্ধারণ করে দেওয়া উচিত নয়।
এদিকে, সাংবাদিক হেলে লিং পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে অভিযোগ করেন, তিনি ও তাঁর সহকর্মীরা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট উত্তর জানতে চাইলেও ভারতীয় প্রতিনিধিরা মূল প্রশ্ন এড়িয়ে কোভিড মোকাবিলা ও যোগব্যায়ামের মতো প্রসঙ্গ সামনে এনেছেন।
১০৫ বার পড়া হয়েছে