জাতীয় পর্যায়ে তৃতীয় ম্রো তরুণ কবি তনয়া
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য নির্ধারিত ‘ঘ গ্রুপ’ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর তরুণ কবি ও লেখক তনয়া ম্রো।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক জাতীয় সেমিনারে তনয়া ম্রোর এই অর্জনের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় তনয়া ম্রো জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন। তিনি বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও টেকসই অর্থনীতির বিষয়গুলো লেখনীর মাধ্যমে তুলে ধরেন।
তনয়া ম্রো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানের এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে লেখনীর মাধ্যমে নিজের ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, টেকসই অর্থনীতি এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্য তুলে ধরতে পেরে তিনি গর্বিত।
তিনি বলেন, এই রাষ্ট্রীয় স্বীকৃতি তাঁকে ম্রো সংস্কৃতি ও টেকসই অর্থনীতি নিয়ে আরও গভীরভাবে গবেষণা করতে উৎসাহিত করেছে। ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আরও কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তনয়া ম্রোর এই অর্জন ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর লেখালেখি ও গবেষণার মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে