সর্বশেষ

আন্তর্জাতিক

ইসলামাবাদের পিমস হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের গাইনি ওয়ার্ডের নার্সারিতে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুন লাগার পর ১৬ নবজাতকের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নার্সারির একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও তাপমাত্রা কমানো এবং ঝুঁকি এড়াতে কিছু সময় কুলিং অপারেশন চালানো হয়।

জেলা প্রশাসনের হিসাবে, আগুনে ১৪ নবজাতক সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে হাসপাতাল কর্মকর্তারা পরে মৃতের সংখ্যা অন্তত ১৫ বলে জানিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে মৃতের সংখ্যায় সামান্য পার্থক্য থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে ১৫ নবজাতকের মৃত্যুর কথা জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন কীভাবে ছড়িয়ে পড়েছিল, দুর্ঘটনার পেছনে কারও দায়িত্বে অবহেলা ছিল কি না এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না—এসব বিষয় তদন্ত করবে কমিটি।

ঘটনার পর সংশ্লিষ্ট এমসিএইচ ওয়ার্ড সিলগালা করে দেওয়া হয়েছে। নিহত শিশুদের অভিভাবকদের কয়েকজন অভিযোগ করেছেন, আগুন লাগার সময় ইনকিউবেশন সেন্টারে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ অভিযোগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

মর্মান্তিক এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নবজাতকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন