ভালুকায় দীপু হত্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— তাজমুল সরকার ওরফে সাদেক (২২), মো. রুবেল মিয়া (৩৬) এবং মো. রবিন (৩৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে এতে অংশ নেন। তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসকে মারধর এবং মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন। পাশাপাশি তারা ফ্যাক্টরির শ্রমিকদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করেন এবং জনতাকে বর্বরোচিত হামলায় উৎসাহিত করেন বলেও জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, এ পর্যন্ত মামলায় মোট ২৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে তার বিবস্ত্র মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
১২২ বার পড়া হয়েছে