সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্পে ২২টি স্থাপনা উচ্ছেদ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও হেতামপুর এলাকায় মোট ২২টি স্থাপনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সওজ সূত্রে জানা যায়, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ সরলীকরণ এবং যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় পূর্বে অধিগ্রহণকৃত জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে এস্কাভেটরের মাধ্যমে স্থাপনাগুলো ভেঙে ফেলেন। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৪৩ হাজার টাকায় এসব মালামাল ক্রয় করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজ’র খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। এ সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, সার্ভেয়ার মো. সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া সার্বিক সহযোগিতা প্রদান করে শৈলকুপা থানা পুলিশের একটি দল।

সওজ’র খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণের জন্য সড়ক প্রশস্ত করা হচ্ছে। এ জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১.০৭ একর জমি ইতোমধ্যে ফাঁকা করা হয়েছে। রাস্তা প্রশস্ত করে বাঁকগুলো সোজা করা হবে। আজ দুটি স্থানে কাঁচা, পাকা ও আধাপাকা মিলিয়ে মোট ২২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।
 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন