জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া এলাকার সুজা মিয়ার দুই বছরের ছেলে মোহাম্মদ আলী এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকার জাহিদুল ইসলামের দেড় বছরের ছেলে ইয়ামিন।
নিহত মোহাম্মদ আলীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির মা লামিয়া আক্তার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মোহাম্মদ আলী উঠানে খেলছিল। পরে রান্নার কাজে ব্যস্ত থাকার কারণে তাকে খেয়াল করতে না পারায় শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারায় মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার বলেন, “আমি সকালে রান্না করছিলাম। আমার ছেলে উঠানে খেলছিল। হঠাৎ তাকে না পেয়ে খুঁজতে শুরু করি। পরে দেখি আমার ছেলে বিলে পড়ে মারা গেছে।”
বকশিগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকায় ইয়ামিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা ঘরে ছিলেন না। এ সময় ইয়ামিন উঠানে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে বাড়ির উঠানে জমে থাকা পানির একটি গর্তে পড়ে যায়।
কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়ামিনের বাবা জাহিদুর ইসলাম বলেন, “আমার স্ত্রী রান্না করছিল, আর আমার ছেলে খেলছিল। রান্নার কাজে ব্যস্ত থাকায় আমরা খেয়াল করতে পারিনি। পরে দেখি আমার ছেলে উঠানের কুয়ায় পড়ে আছে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জানায়, সে মারা গেছে।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১২১ বার পড়া হয়েছে