বরিশালে পাওনা টাকা নিয়ে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, তিনজন আটক
সোমবার, ১৮ মে, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল জেলার মুলাদী উপজেলায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে আল আমিন হাওলাদার (২৩) নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা দেওয়ার কথা বলে আল আমিনকে প্রথমে তার বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে নোমান পণ্ডিতের বাড়িতে নেওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন মিলে তাকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে মৃত ভেবে পাশের একটি ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়।
পরিবারের অভিযোগে জানা যায়, এই হামলায় নোমান পণ্ডিত, আজিজুল সরদার, কাওসার আকন ও শাহাবুদ্দিন ঘরামীসহ কয়েকজন অংশ নেয়। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আসিফ হাওলাদার জানান, আল আমিন দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং বিভিন্ন মানুষের কাছে টাকা ধার দিয়েছিলেন। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়ে তিনি পাওনা টাকা ফেরত চাইতে শুরু করলে এ বিরোধ তীব্র হয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, “পাওনা টাকা দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।”
এদিকে ঘটনার পর স্থানীয়রা নোমান পণ্ডিত ও আজিজুল সরদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শাহাবুদ্দিন ঘরামীকেও আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
১৩৭ বার পড়া হয়েছে