শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবি
সোমবার, ১৮ মে, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে চরম অনিয়ম, জালিয়াতি ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
স্থানীয় এক দলিল লেখকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অফিস কার্যক্রমে হস্তক্ষেপ এবং সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের লাইসেন্সধারী দলিল লেখক ও স্থানীয় রাজনৈতিক পদধারী মো. শাহাবুদ্দিন সাবু দীর্ঘদিন ধরে তার প্রভাব ব্যবহার করে অফিসের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। অভিযোগ অনুযায়ী, তার নির্দেশ অমান্য করলে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি ও অসদাচরণের শিকার হতে হয় বলেও দাবি করা হয়েছে।
এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দলিল লেখক সমিতির কোনো বৈধ কমিটি না থাকলেও একটি অসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে সমিতির নামে প্রতিটি দলিল থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ দলিল লেখকরা আতঙ্কে রয়েছেন এবং কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
অভিযোগে আরও দাবি করা হয়, সম্প্রতি একটি জমি সংক্রান্ত মামলায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে একটি দলিল সম্পাদনের ঘটনাও ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে সেবা প্রত্যাশীরা হয়রানির শিকার হচ্ছেন এবং অফিসে দলিল সম্পাদনে অনিয়মিত পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা মনে করেন।
অভিযোগকারী মো. মোস্তাফিজুর রহমান জানান, সাধারণ মানুষের ভোগান্তি ও অনিয়মের বিষয়টি দেখেই তিনি বাধ্য হয়ে অভিযোগ করেছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি নিজের পূর্ণ পরিচয় প্রকাশ করেননি বলেও উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে মো. শাহাবুদ্দিন সাবু বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল এসব অভিযোগ তুলেছে বলে দাবি করেন তিনি।
ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার সাব্বির আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
১৩১ বার পড়া হয়েছে