সর্বশেষ

আইন-আদালত

আইভীর ১২ মামলার জামিন বহাল, মুক্তিতে আইনি বাধা নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর ফলে ওই দুই মামলাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল থাকল এবং তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৪১ ও ৪২ নম্বরে ওঠে।

আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেন। ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক পাঁচটি আবেদন করে। চেম্বার আদালত গত বছরের ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ পৃথক পাঁচটি লিভ টু আপিল করে। চলতি বছরের ১০ মে আপিল বিভাগ সেগুলো খারিজ করে দেন। ফলে ওই পাঁচ মামলায় আইভীর জামিন বহাল থাকে।

তবে প্রথম দফার ওই পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পর আইভীকে আরও পাঁচটি মামলায় গত বছরের নভেম্বরে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং একটি নারায়ণগঞ্জ সদর থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা।

দ্বিতীয় দফার এই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দিয়ে আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৫ মার্চ চেম্বার আদালত শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন এবং বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

পরে ১০ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের পৃথক লিভ টু আপিল নিষ্পত্তি করে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন এবং হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এর ফলে দ্বিতীয় দফার পাঁচ মামলাতেও হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।

আইভীর অন্যতম আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন এবং আপিল বিভাগের সর্বশেষ আদেশ সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। এটি সম্পন্ন হলে চলতি সপ্তাহেই তিনি মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
 

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন