কুমিল্লা বিভাগ ইস্যুতে জনগণের মতামতেই সিদ্ধান্ত: পথসভায় তারেক রহমান
শনিবার, ১৬ মে, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়টি জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ গঠন করা হবে।
দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সবার আগে দেশ—এবং দেশটা সবার।” তিনি আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।
পথসভায় উপস্থিত জনতা “কুমিল্লা বিভাগ চাই” দাবি তুললে তিনি বলেন, সবাই একমত হলে এই দাবি বাস্তবায়ন করা হবে।
দুপুর সোয়া ১১টায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত সমর্থকরা করতালিতে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এর আগে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিলের মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকরা মাঠে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই সভাটি হাজারো মানুষের উপস্থিতিতে একটি বড় সমাবেশে রূপ নেয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতেই জনগণ আমাদের ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব।”
সভায় জনতার পক্ষ থেকে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি ওঠে। জবাবে তিনি বলেন, “ঠিক আছে, সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন করা হবে।”
বরুড়ার পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরে যান। সেখানে বেলা সাড়ে ১২টায় তিনি শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজেরও সূচনা করেন।
১১৮ বার পড়া হয়েছে