কলাপাড়ায় জেলেদের কাছ থেকে ‘চাল-ট্যাক্স’ চাঁদার অভিযোগ, তদন্তে উপজেলা প্রশাসন
শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের জেলেদের কাছ থেকে ট্যাক্সের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর ফকিরের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেক জেলেকে ৩০০ থেকে ৫০০ টাকা করে দিতে বলছেন, যদিও সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্স সর্বোচ্চ ১২০ টাকা।
স্থানীয় জেলেরা জানান, ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন রক্ষা করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে। এই সময়ে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে প্রত্যেক নিবন্ধিত জেলেকে ৭৭.৩ কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়। তবে চাকামাইয়া ইউনিয়নের ৮০৬ জন জেলে এখনও চাল পাননি। অভিযোগ রয়েছে, জেলেরা টাকা দেওয়ার পর রশিদ পেলেও তা ইউনিয়ন পরিষদের রেজিস্টারে অন্তর্ভুক্ত হচ্ছে না।
চাকামাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুবক্কর জানিয়েছেন, “ইউনিয়ন পরিষদের সকল কাজ একচেটিয়াভাবে চেয়ারম্যান দেখছেন। অনেক জেলেদের কাছ থেকে ৫০০ থেকে ৩০০ টাকা নেওয়া হয়েছে, কিন্তু তা রেজিস্টারে উঠানো হয়নি।”
অভিযোগের জবাবে চেয়ারম্যান মজিবর ফকির বলেন, “চাল দেওয়ার নামে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। ট্যাক্স সংগ্রহ হলে তা রশিদের মাধ্যমে করা হয়। অভিযোগ ভিত্তিহীন।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাউছার হামিদ মন্তব্য করেন, “জেলেদের চাল পেতে কোনো অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না। অভিযোগের তদন্ত করা হবে। তবে নাগরিকদের অবশ্যই সঠিক সময়ে ট্যাক্স প্রদান করা উচিত।
১১৫ বার পড়া হয়েছে