নারায়ণগঞ্জে র্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র-মাদকসহ ১৩ জন গ্রেপ্তার
বুধবার, ৬ মে, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
র্যাব জানায়, মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার মাসদাইর ও দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সন্ত্রাসী ও মাদক চক্রের আস্তানা থেকে তাদের আটক করা হয়। এর আগে একই দিন দুপুরে গোয়েন্দা তথ্য যাচাই করতে গেলে র্যাব সদস্যদের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য আহত হন।
পরবর্তীতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালানো সাঁড়াশি অভিযানে চক্রটির ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, একটি ড্রোন এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সোহেল রানা, আব্দুর রাজ্জাক, জোবায়ের হোসেন, শামিম আহম্মদ, মিঠুন, ইমন প্রধান, আকাশ, রুবেল, আরাফাত হোসেন, সুজন, হৃদয় মিয়া, টুটুল খান ও রেজাউল করিম।
র্যাবের অধিনায়ক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১৭৭ বার পড়া হয়েছে