মধুখালীতে বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক পলাতক
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বাক প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বাক প্রতিবন্ধী তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী নূর ইসলাম (৩৮) নামের এক ভ্যানচালকের বিরুদ্ধে। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
ভুক্তভোগীর বাবা মামুন শেখ শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি নিজেও শারীরিক প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী পরিবার ও অভিযুক্ত নূর ইসলাম পাশের দুটি ঘর ভাড়া নিয়ে বাশপুর এলাকায় বসবাস করতেন। শনিবার রাত আটটার দিকে বাড়িতে ফিরে মামুন শেখ তার মেয়ের সঙ্গে নূর ইসলামকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় অভিযুক্ত ঘর থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ভুক্তভোগী তরুণী তার পরিবারকে জানায়, গত চার দিন ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর মধুখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ও মধুখালী থানার ওসি সুখদেব রায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের নির্দেশ দেন।
মধুখালী থানার এসআই মুক্তার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
১১৬ বার পড়া হয়েছে