কলাপাড়ায় চাঁদার দাবিতে নারীকে মারধর ও হুমকি, আদালতে মামলা
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা-এর ধানখালী ইউনিয়নে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক মধ্যবয়সী নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী শিল্পি বেগম (৪৫) অভিযোগ করেন, উপজেলার উত্তর নিশানবাড়িয়া গ্রামে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। তিনি আদালতে দায়ের করা মামলায় আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮), তামিম (২২)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা সবাই এলাকার ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার দালাল হিসেবে পরিচিত। শিল্পি বেগমের পরিবার ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের জন্য তাদের সহায়তা নিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগে আরও বলা হয়, ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের জন্য আসামিরা ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ২ জুন বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে তারা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। এতে রাজি না হলে শিল্পি বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা যায়। এরপর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আসামিদের বিরুদ্ধে নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় কলাপাড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে