সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা ও সবজি ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫০) এবং দিনমজুর দুলাল মিয়া। অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে হেমায়েতপুর এলাকা থেকে দুই শ্রমিককে সবজি ক্ষেতে কাজের জন্য নিয়ে আসেন দ্বীন ইসলাম। সারাদিন জমিতে কাজ করার পর বিকেলের দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই দুই দিনমজুরের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ক্ষেতের মালিক দ্বীন ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে মোট তিনজনের মৃত্যু হয়।
সাভার মডেল থানাধীন ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।
১৩৬ বার পড়া হয়েছে