নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
বুধবার, ৬ মে, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) সাকিব তার স্ত্রী চাঁদনীকে নিয়ে নড়াইল সদরের বাহিরগ্রামে খালু বাড়িতে বেড়াতে যান। পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। সাকিব মাদকাসক্ত এবং বেকার হওয়ায় দাম্পত্য কলহ আরও বেড়ে যায়।
মঙ্গলবার (৫ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ স্বজনদের। পরে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রথমে পরিবার দাবি করেছিল এটি একটি দুর্ঘটনা। তবে আহত অবস্থার ধরন দেখে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে জানানো হয়।
এদিকে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে প্রথমে পরিবার অসাবধানতাবশত দুর্ঘটনার কথা বললেও ঘটনাস্থলের পরিস্থিতি ও সাকিবের কথাবার্তায় অসংগতি পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২৪ বার পড়া হয়েছে