কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার
সোমবার, ৪ মে, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মে রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকসহ মোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন; কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন; ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন; উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন; ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন; রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা করা হয়েছে।
এছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম (পিপিএম) জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১০৪ বার পড়া হয়েছে