নোয়াখালীতে ছাত্রদলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ; ১০ নেতার পদত্যাগ
সোমবার, ৪ মে, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীতে জেলা, সদর উপজেলা ও পৌরসভা শাখাসহ বিভিন্ন ইউনিটের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।
তারা কমিটি গঠনকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
দ্রুত এই কমিটি বিলুপ্ত করা না হলে আগামীতে হরতালসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, “ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।”
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, “ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।”
নেতারা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আওয়ামী লীগ পরিবারের সন্তান; তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার ছিলেন। তারা দাবি করেন, “তিনি আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাইছেন।” একই সঙ্গে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন এবং ‘পকেট কমিটি’ বিলুপ্তের দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। তিনি বলেন, “যারা পদ পাননি তারাও ত্যাগী—এটা ঠিক। কিন্তু সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, তিনি নিজেও রাজনৈতিক জীবনে মামলা-হামলার শিকার হয়েছেন।
এদিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূর প্রমুখ।
১০২ বার পড়া হয়েছে