কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
সোমবার, ৪ মে, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন ও রেশমা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা মত দেন।
প্রধান অতিথি বিএম কুদরত-এ-খুদা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
সভায় অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
২০২ বার পড়া হয়েছে