গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ১,৪০০ চারা বিতরণ
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১ হাজার ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর সালনা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী।
উদ্বোধনের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১ হাজার ৪০০টি চারা বিতরণ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি বিভিন্ন ফলও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে তাপসী তন্ময় চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটিকে বড় করে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
১২৬ বার পড়া হয়েছে