পাবনায় শিক্ষার্থীকে শাসনের জেরে শিক্ষিকাকে মারধর, থানায় মামলা
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে পড়া না পারায় এক শিক্ষার্থীকে শাসন করার জেরে বিদ্যালয়ের শিক্ষিকাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী পড়া না পারায় বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা তাকে মৃদু শাসন করেন। বাড়ি ফিরে ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়।
এরপর শিক্ষার্থীর মা লিপি খাতুন প্রথমে বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং হুমকি দিয়ে চলে যান। কিছুক্ষণ পর শিক্ষার্থীর কয়েকজন স্বজন বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পরিচালককে খুঁজতে থাকে। এ সময় শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী প্রতিবাদ করলে হামলাকারীরা তার ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ওই শিক্ষিকার গলায় ওড়না পেঁচিয়ে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যায় এবং এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
১৩০ বার পড়া হয়েছে