মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত: যুবসমাজকে রক্ষার আহ্বান
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। মাদকাসক্তির করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বিশিষ্টজনেরা।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত এবং পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, মাদকাসক্তি একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি মাদক পাচার রোধে সীমান্ত ও স্থানীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
১২৫ বার পড়া হয়েছে