সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর মেডিকেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, হাসপাতালের স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা প্রদানই হবে তার প্রধান লক্ষ্য এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবুও প্রধানমন্ত্রী স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আঞ্চলিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ হাসপাতালের ওপর দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা নির্ভরশীল। তাই এখানে বিদ্যমান অনিয়ম দূর করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কোনো রোগী যদি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ঢাকায় স্থানান্তরিত হন, তাহলে সেটি হাসপাতালের সক্ষমতার ঘাটতিরই প্রতিফলন। এ ধরনের পরিস্থিতি পরিবর্তনে হাসপাতালের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, হাসপাতাল থেকে দুর্নীতি নির্মূল এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন