সর্বশেষ

সারাদেশ

ছয় লেন মহাসড়কের দাবিতে গৌরনদীতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল-ঢাকা মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বর্তমান দুই লেনের মহাসড়ক আর পর্যাপ্ত নয়।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত ‘নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাতে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক চাই’—এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে খাঞ্জাপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে গৌরনদী, উজিরপুর ও মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচির সময় ভূরঘাটা বাসটার্মিনাল এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২৩ জুন গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহত কুয়েতপ্রবাসী সোহেল ফকিরের মৃত্যুর ঘটনায় জড়িত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আলোচনা সভায় সংগঠক কাজী সুজন বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হলেও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান দুই লেনের সড়ক এই চাপ সামাল দিতে পারছে না। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হলে যানজট কমবে, যাতায়াতের সময় সাশ্রয় হবে এবং সড়ক দুর্ঘটনার হারও কমে আসবে।

খাঞ্জাপুর এলাকার যুব প্রতিনিধি আতিক মৃধা বলেন, একই লেনে দূরপাল্লার বাস, পণ্যবাহী যান এবং ধীরগতির স্থানীয় যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পৃথক সার্ভিস লেন থাকলে এ ঝুঁকি অনেকাংশে কমবে।

সমাজসেবক মো. পান্নু মৃধা বলেন, দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য, মাছ ও অন্যান্য পণ্য দ্রুত রাজধানীতে পৌঁছাতে না পারায় কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। ছয় লেনের মহাসড়ক নির্মিত হলে পণ্য পরিবহন সহজ হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চাকরিজীবী ফেরদাউস হোসেন সোহাগ বলেন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে কুয়াকাটা, গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর দীঘিসহ দক্ষিণাঞ্চলের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের সংখ্যা বাড়বে।

বক্তারা বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত চার লেনের মূল সড়কের পাশাপাশি দুই পাশে সার্ভিস লেনসহ মোট ছয় লেনের মহাসড়ক নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। অবরোধে আটকে পড়া কয়েকজন চালক, পরিবহনকর্মী ও যাত্রীও ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবির প্রতি সমর্থন জানান।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন