শাহবাগে কক্ষের দরজা ভেঙে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, ছড়াচ্ছিল দুর্গন্ধ
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামের ৩৯তম বিসিএস ক্যাডারের এক নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে বিছানায় বসা অবস্থায় টেবিলের ওপর মাথা নোয়ানো অবস্থায় ফারাহর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহে ইতিমধ্যে পচন ধরেছিল বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস ক্যাডারের স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। খুলনার ফুলতলার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে ফারাহ। তাঁর ছোট বোন নজুলা ফেরদৌসও একজন চিকিৎসক এবং তিনি একই বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি কোর্সে পড়ছেন। তবে তিনি বোনের সঙ্গে ওই কক্ষে থাকতেন না।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বোনের সঙ্গে ফারাহর শেষবারের মতো কথা হয়েছিল। তাঁর কোনো বড় ধরনের শারীরিক অসুস্থতা ছিল না বলে বোন নজুলা পুলিশকে জানিয়েছেন। মৃত্যুর খবর পেয়ে নজুলা নিজেই থানায় গিয়ে পুলিশকে নিয়ে এসে বোনের মরদেহ শনাক্ত করেন।
১৪৭ বার পড়া হয়েছে