চার দিনের ডিসি সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রবিবার, ৩ মে, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় আজ রবিবার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব জেলা প্রশাসক এতে অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেলেও যাচাই-বাছাই শেষে এসব প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, এবারের সম্মেলন তিন দিনের পরিবর্তে চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা এ আয়োজনের অন্যতম বিশেষত্ব। তিনি বলেন, মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, এর মধ্যে ৩০টি থাকবে কার্য অধিবেশন।
তিনি আরও জানান, ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ থেকে আসা প্রতিনিধিরা নিজ নিজ খাতের বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে—মোট ৪৪টি।
সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়ন।
এছাড়া সম্মেলন চলাকালে রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে সন্ধ্যা ৭টায় স্পিকারের সঙ্গে এবং ৫ মে বিকেল ৪টায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
সরকার আশা করছে, এ সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের আইনগত, প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের পথ নির্ধারণ করা সম্ভব হবে, পাশাপাশি জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হব।
১১৮ বার পড়া হয়েছে