কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে
শনিবার, ২ মে, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে দুই সন্তানের জননী এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্তকৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী বাপ্পী, দেড় বছরের ছেলে ফারদিন এবং চার বছরের মেয়ে ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়া বাসায় ওঠেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো।
শনিবার রাত দেড়টার দিকে বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মানসিক শান্তনা দেয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।
১৬৯ বার পড়া হয়েছে