ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ইমাম নিখোঁজ, উদ্ধার তৎপরতা অব্যাহত
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে এক মসজিদের ইমাম নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তি মুফতী মো. শামছুদ্দিন (৩৪), যিনি উত্তর গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, জোহরের নামাজ আদায়ের পর শামছুদ্দিন নদীতে গোসল করতে যান। আছরের নামাজের আগ পর্যন্ত ফিরে না আসায় নদীর পাড়ে খোঁজ করতে গিয়ে তার ব্যবহৃত জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। পরে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী জানান, বিষয়টি দ্রুত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ডুবুরি দল বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও কোনো সন্ধান মেলেনি। পাশাপাশি চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে