গুপ্তধনের আশায় ২০০ বছরের পুরনো বাইশরশি জমিদার বাড়ির পুকুরে খনন
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় গুপ্তধনের আশায় প্রায় ২০০ বছর পুরনো বাইশরশি জমিদার বাড়ির বিশাল পুকুরের ‘বউঘাট’ (নারীদের গোসলের ঘাট) এলাকায় প্রকাশ্যে মাটি খননের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র দিনের বেলাতেই সেখানে খনন চালিয়ে সম্ভাব্য মূল্যবান প্রত্নসম্পদ তুলে নিচ্ছে। সম্প্রতি বউঘাট এলাকায় খনন কার্যক্রম বাড়ায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পুকুরটি পানিশূন্য হয়ে পড়লে বউঘাটের নিচের অংশে খনন শুরু হয়। খনন করা মাটি পাশের একটি পুকুরে ধুয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র খোঁজা হচ্ছে। ঘটনাস্থলে পাথরের মূর্তির ভাঙা অংশ, জমিদারদের ব্যবহৃত পাথরের থালা, পূজার ঘটিসহ বিভিন্ন পুরনো তৈজসপত্রের অংশ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা জমিদার বাড়িটির বিভিন্ন অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুরের পানি শুকিয়ে যাওয়ার সুযোগে চক্রটি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানাজানির পর ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এই জমিদার বাড়িটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নিদর্শন। এটিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। ইতোমধ্যে আমরা এটি সংশ্লিষ্ট অধিদপ্তরের আওতায় এনে রক্ষার চেষ্টা করছি।”
১৬৩ বার পড়া হয়েছে