ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বমন্দার শঙ্কা, সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে (আইএমএফ)। সংস্থাটির মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হতে পারে।
মঙ্গলবার প্রকাশিত আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় জি-৭ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে যুক্তরাজ্য। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়ার আশঙ্কা রয়েছে।
আইএমএফ জানায়, যদি যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয় এবং তেলের দাম উচ্চ পর্যায়ে স্থিতিশীল থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি ১৯৮০ সালের পর পঞ্চমবারের মতো বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে।
এদিকে, আইএমএফের এই সতর্কবার্তার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যের চ্যান্সেলর Rachel Reeves। তিনি বলেন, এই যুদ্ধ যুক্তরাজ্যের নয়, তবুও এর অর্থনৈতিক চাপ বহন করতে হচ্ছে দেশটিকে। পরিকল্পনা ছাড়া সংঘাতে জড়ানোকে তিনি ‘দূরদর্শিতার অভাব’ হিসেবে আখ্যা দেন।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ের গৌরিনকাস জানান, পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। তার মতে, তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের বেশি থাকলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ২ শতাংশে নেমে আসতে পারে, যা কার্যত বিশ্বমন্দার সমতুল্য।
সংস্থাটি আরও জানায়, এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জ্বালানি আমদানিনির্ভর উন্নয়নশীল দেশগুলো। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক নীতি গ্রহণ এবং সরকারগুলোকে লক্ষ্যভিত্তিক ও অস্থায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। পাশাপাশি, সংকট নিরসনে দ্রুত যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে