নেছারাবাদে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৫:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলা ও ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এ কর্মসূচি শুরু হয় পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, নেছারাবাদ উপজেলায় প্রাথমিকভাবে মোট ৩ হাজার ৫৫ জন কৃষকের মাঝে এ কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী দিনে ৫০০ জন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক কৃষক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সুসংগঠিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে সরকারি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য কৃষি সহায়তা কার্যক্রম সহজ করতে সহায়ক হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে কৃষকরা দ্রুত ও সহজে সেবা পেতে পারেন।
কৃষকদের সুবিধার্থে নেওয়া এ উদ্যোগ ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
১২০ বার পড়া হয়েছে