ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
মোংলায় অপরাধবিরোধী প্রতিবেদন প্রকাশে সাংবাদিককে টার্গেট
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলায় মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিককে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানা রেজা দাবি করেছেন, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মোংলা এলাকায় মাদক ব্যবসা ও নানা অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন ওই সাংবাদিক। সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার তথ্যসহ প্রতিবেদন প্রকাশের পরই তাকে ঘিরে অপপ্রচারের ঘটনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তার ব্যক্তিগত ছবি বিকৃত করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এমন নোংরা অপপ্রচার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে দমিয়ে রাখতে এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।
সাংবাদিক মাসুদ রানা রেজা বলেন, তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার অভিযোগ, যাদের বিরুদ্ধে তিনি প্রতিবেদন প্রকাশ করেছেন, তারাই পরিকল্পিতভাবে এই অপপ্রচারের সঙ্গে জড়িত। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে সব বাধা সত্ত্বেও সত্য প্রকাশের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে, সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোতাহার মল্লিক ও সদস্য সচিব মো. মেহেদী হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাংবাদিকরা এ ঘটনাকে সত্য প্রকাশে বাধা সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখ্য, মাসুদ রানা রেজা বর্তমানে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত এবং মোংলা প্রেস ক্লাবের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩৩১ বার পড়া হয়েছে