রাজবাড়ীর গোয়ালন্দ প্রধান বাজারে ভয়াবহ আগুন
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুকারিজ মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ৫ থেকে ৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মতো তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। কিছুক্ষণ পর আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন, নগদ অর্থসহ তার প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া বলেন, “এই অগ্নিকাণ্ডে তিনজন কুকারিজ ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনার খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান।
২৫৯ বার পড়া হয়েছে