সর্বশেষ

মতামত

রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতি: রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক পাঠ

মোঃ নাঈমূল ইসলাম
মোঃ নাঈমূল ইসলাম

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতি—এই তিনটি ধারণা মানবসভ্যতার রাজনৈতিক বিকাশের কেন্দ্রবিন্দু। সভ্যতার প্রাথমিক স্তর থেকেই মানুষ শৃঙ্খলা, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রয়োজনে সংগঠিত হয়েছে। সেই সংগঠনের প্রাতিষ্ঠানিক রূপই রাষ্ট্র। রাষ্ট্রকে কেন্দ্র করেই ক্ষমতার জন্ম, বিকাশ ও প্রয়োগ ঘটে এবং রাজনীতি সেই ক্ষমতা ব্যবহারের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

রাষ্ট্রবিজ্ঞান মূলত এই রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে সমাজ ও শাসনব্যবস্থাকে বোঝার চেষ্টা করে। আধুনিক বিশ্বে এই মৌলিক পাঠের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি। নাগরিকের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ও উন্নয়ন—সবকিছুই কোনো না কোনোভাবে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্র কীভাবে গঠিত হয়, কীভাবে পরিচালিত হয় এবং কার স্বার্থে কাজ করে—এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানই রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য। রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতি—এই তিনটি ধারণা রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক পাঠ হিসেবে কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং সচেতন নাগরিক হয়ে ওঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তিও তৈরি করে।

রাষ্ট্র বলতে সাধারণত একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীর ওপর বৈধ কর্তৃত্বসম্পন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান রয়েছে—নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। ভূখণ্ড রাষ্ট্রের ভৌগোলিক সীমা নির্ধারণ করে, জনসংখ্যা রাষ্ট্রের সামাজিক ভিত্তি গঠন করে, সরকার প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করে এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক। এই চার উপাদানের সমন্বয়েই রাষ্ট্র একটি কার্যকর রাজনৈতিক সত্তায় পরিণত হয়। স্বাধীন ভূখণ্ড, বিপুল জনগোষ্ঠী, নির্বাচিত সরকার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্বভৌম ক্ষমতার মাধ্যমে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।

রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি প্রমাণ করে যে রাষ্ট্র কেবল প্রশাসনিক যন্ত্র নয়; বরং এটি একটি আদর্শনির্ভর কাঠামো এবং এটি ক্ষমতার বৈধ কেন্দ্র, যার মাধ্যমে সমাজের সামষ্টিক লক্ষ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়।

ক্ষমতা রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম মৌলিক ও জটিল ধারণা। সাধারণভাবে ক্ষমতা বলতে অন্যের আচরণ প্রভাবিত করার সক্ষমতাকে বোঝায়। সমাজে পরিবার, অর্থনীতি বা ধর্মীয় প্রতিষ্ঠানেরও ক্ষমতা থাকতে পারে, তবে রাষ্ট্রের ক্ষমতা আলাদা, কারণ এটি বৈধ ও প্রাতিষ্ঠানিক। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েব রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা করেছেন, যা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বৈধভাবে বলপ্রয়োগের একচ্ছত্র অধিকার ভোগ করে। এই বৈধতাই রাষ্ট্রক্ষমতাকে টেকসই ও কার্যকর করে তোলে।

ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আরেকটি ধারণা হলো রাজনীতি। রাজনীতি মূলত সেই প্রক্রিয়া, যার মাধ্যমে ক্ষমতা অর্জন, বণ্টন ও ব্যবহার নির্ধারিত হয়। রাজনীতি কেবল নির্বাচন, সরকার গঠন কিংবা ক্ষমতার দ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সমাজের মূল্যবোধ, স্বার্থ ও সম্পদের বণ্টনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টনের ভাষায়, রাজনীতি হচ্ছে সমাজের জন্য মূল্যবোধের কর্তৃত্বপূর্ণ বণ্টন। অর্থাৎ কোন সিদ্ধান্ত সমাজে কার্যকর হবে এবং কোন নীতি বাস্তবায়িত হবে, তা রাজনীতির মাধ্যমেই নির্ধারিত হয়।

রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতির সম্পর্ক বিশ্লেষণ করলে একটি ত্রিমুখী বাস্তবতা স্পষ্ট হয়। রাষ্ট্র হলো সেই কাঠামো যেখানে ক্ষমতার অবস্থান, ক্ষমতা হলো রাষ্ট্র পরিচালনার শক্তি এবং রাজনীতি হলো সেই শক্তি ব্যবহারের পদ্ধতি। এই সম্পর্ক যদি ভারসাম্যপূর্ণ না হয়, তবে রাষ্ট্রব্যবস্থা সংকটের মুখে পড়ে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় এই ভারসাম্য রক্ষার জন্য ক্ষমতার বিভাজন, আইনের শাসন ও সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে।

গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই ক্ষমতার উৎস। নির্বাচন হলো সেই প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরকারকে শাসনের বৈধতা প্রদান করে। জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধিরা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করেন। তাত্ত্বিকভাবে এটি জনগণের শাসন হলেও বাস্তবে ক্ষমতা প্রায়ই রাজনৈতিক এলিট, আমলাতন্ত্র কিংবা প্রভাবশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি থাকে। এসব প্রবণতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা দুর্বল করে এবং গণতন্ত্রের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে। রাষ্ট্রবিজ্ঞান এই ক্ষমতা কেন্দ্রীকরণের কারণ, তার সামাজিক প্রভাব এবং সম্ভাব্য প্রতিকার বিশ্লেষণ করে। একই সঙ্গে এটি নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।

ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল, স্বাধীন বিচারব্যবস্থা, গণমাধ্যম এবং সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখে এবং রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক পথে যেতে বাধা দেয়। প্লুরালিস্ট তত্ত্ব অনুযায়ী, ক্ষমতা সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বণ্টিত থাকে—রাজনৈতিক দল, গণমাধ্যম, স্বার্থগোষ্ঠী ও নাগরিক সমাজ সবাই ক্ষমতার কাঠামোর অংশ। বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা, সামাজিক আন্দোলন এবং নাগরিক উদ্যোগ অনেক সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, যা এই তত্ত্বকে আংশিকভাবে সমর্থন করে। অন্যদিকে এলিট তত্ত্ব মনে করে, রাষ্ট্রীয় ক্ষমতা মূলত একটি সীমিত রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাত শ্রেণির হাতে কেন্দ্রীভূত থাকে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই ধারণার প্রতিফলনও লক্ষ্য করা যায়। ফলে প্রশ্ন ওঠে—রাষ্ট্রীয় ক্ষমতা কতটা জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে এবং কতটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে? এই প্রশ্নের উত্তর অনুসন্ধানই রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি আদর্শভাবে হওয়া উচিত অংশগ্রহণমূলক, সহনশীল ও জনকল্যাণমুখী। কিন্তু বাস্তবে রাজনৈতিক অসহিষ্ণুতা, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা এবং বিরোধী দলের কার্যকর ভূমিকার সংকট রাজনীতিকে অনেক সময় ক্ষমতার লড়াইয়ে পরিণত করে। এর ফলে রাজনীতি নাগরিক সমস্যার সমাধানের পরিবর্তে বিভাজন ও সংঘাতের উৎস হয়ে ওঠে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতির সম্পর্ক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের রাষ্ট্রগঠন হয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে, যেখানে ক্ষমতার প্রশ্নে জনগণের ভূমিকা ছিল নির্ণায়ক। স্বাধীনতার পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাংবিধানিক শাসন, রাজনৈতিক প্রতিষ্ঠান বিকাশ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

বাস্তবতা হলো, রাজনৈতিক প্রতিষ্ঠান দুর্বল হলে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবং জনগণের আস্থা ক্ষুণ্ন হয়। ফলে রাষ্ট্র ও সমাজের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। শক্তিশালী সংসদ, স্বাধীন বিচারব্যবস্থা, কার্যকর নির্বাচনব্যবস্থা এবং সচেতন নাগরিক সমাজ রাষ্ট্র ও রাজনীতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রবিজ্ঞান এই বাস্তবতা বিশ্লেষণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠনের দিকনির্দেশনা প্রদান করে।

আধুনিক বিশ্বে বিশ্বায়ন, প্রযুক্তিগত পরিবর্তন ও আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে রাষ্ট্রের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। একদিকে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ছে, অন্যদিকে নাগরিকদের প্রত্যাশা বহুগুণ বেড়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতির সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই জটিলতা অনুধাবনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক পাঠ অপরিহার্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বিভাগ হিসেবে পরিচিত সরকার ও রাজনীতি বিভাগ তার শিক্ষার্থীদের নাগরিক ও রাজনীতি-সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞানের পাঠকে অধিক গুরুত্বের সঙ্গে আলোচনা করে।

পরিশেষে বলা যায়, রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতি—এই তিনটি ধারণা বোঝা মানে সমাজ ও রাষ্ট্রকে গভীরভাবে বোঝা। রাষ্ট্র কোনো বিমূর্ত বা দূরবর্তী সত্তা নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা যদি নৈতিকতা ও আইনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা শোষণের হাতিয়ারে পরিণত হয়। আবার রাজনীতি যদি জনকল্যাণমুখী না হয়, তবে রাষ্ট্র তার মূল উদ্দেশ্য হারায়। তাই রাষ্ট্র, ক্ষমতা ও রাজনীতির সঠিক উপলব্ধি একজন সচেতন নাগরিক গঠনের পূর্বশর্ত। রাষ্ট্রবিজ্ঞানের এই মৌলিক পাঠ আমাদের সেই সচেতনতার দিকেই পথ দেখায়।

লেখক:
প্রভাষক, সরকার ও রাজনীতি বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৪৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০