সর্বশেষ

সারাদেশ

৩ বছরে রাজস্ব ৪.৮১ কোটি টাকা, তবু এক যুগেও মেলেনি জোড়গাছ হাটের মৌলিক সুবিধা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী জোড়গাছ হাট থেকে গত তিন বছরে প্রায় সাড়ে চার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হলেও দীর্ঘ এক যুগেও হাটের অবকাঠামোগত ভাগ্য পরিবর্তন হয়নি। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা, শৌচাগার ও সড়ক সংস্কারের অভাবে প্রতি হাটবারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। উন্নয়ন তহবিলে পর্যাপ্ত অর্থ জমা থাকলেও দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪৩১ থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত শুধু ইজারা থেকেই জোড়গাছ হাট বাবদ রাজস্ব অর্জিত হয়েছে ৪ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৯১৬ টাকা। এর মধ্যে চলতি ১৪৩৩ বঙ্গাব্দে হাটটি ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। এর আগের দুই অর্থবছরেও কোটি টাকার ওপরে ইজারা মূল্য পাওয়া গেছে।

সরকারি বিধিমালা অনুযায়ী, হাটের ইজারা রাজস্বের ১৫ থেকে ২০ শতাংশ অর্থ সংশ্লিষ্ট এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের স্পষ্ট নিয়ম রয়েছে। এই হিসাব অনুযায়ী গত তিন বছরে জোড়গাছ হাটের উন্নয়ন খাতে বরাদ্দ দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৮৬ হাজার টাকা। কিন্তু বিপুল এই রাজস্বের বিপরীতে হাটে দৃশ্যমান কোনো কাজের প্রমাণ মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের অভ্যন্তরীণ চলাচলের রাস্তাগুলো কাদা-পানিতে একাকার হয়ে যায়। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘ সময় পানি জমে থাকে। গরুহাটিতে নির্মিত তিনটি গণশৌচাগারের মধ্যে দুটি দীর্ঘ এক দশক ধরে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে হাটে আসা হাজারও মানুষকে চরম বিপাকে পড়তে হচ্ছে।

জোড়গাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃত্ব ও স্থানীয়দের অভিযোগ, সরকারি খাতায় বরাদ্দ দেখানো হলেও বাস্তবে নামমাত্র সংস্কার কাজ করে অর্থ ব্যয় দেখানো হয়েছে। সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি বিধি অনুযায়ী হাটের উন্নয়ন তহবিলের অর্থ রাজস্ব অ্যাকাউন্টে সংরক্ষিত রয়েছে। স্থায়ী দুর্ভোগ নিরসনে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করে দ্রুত এই তহবিল থেকে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন করা হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০