শীতের সবজিতে কমেছে দাম, চড়া টমেটো ও নতুন আলু
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। ডিম ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া। পাশাপাশি মাছের বাজারেও দামের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে স্বস্তি ফিরলেও টমেটো, নতুন আলু ও মাছ কিনতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের।
শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারে কমতে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে নতুন মৌসুমের দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে উন্নত মানের শিমের দাম কেজিপ্রতি ১০০ টাকা পর্যন্ত। পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। করলার দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। শসা ৬০ থেকে ৭০ টাকা এবং জাতভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা। আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
তবে নতুন মৌসুমের সবজি বাজারে এলেও টমেটো ও আলুর দাম এখনো তুলনামূলক বেশি। মানভেদে নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা এবং নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। কাঁচা টমেটোর দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা।
খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মানভেদে ৪০ থেকে ৫০ টাকা।
জোয়ারসাহারা বাজারের এক সবজি বিক্রেতা বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে আমদানি করা পাকা টমেটোর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশি নতুন পাকা টমেটোর দাম কমছে না। টমেটো ও নতুন আলুর সরবরাহ আরও বাড়লে এসব পণ্যের দামও কমে আসবে বলে আশা করছেন তিনি।
এদিকে ফার্মের মুরগির ডিম ও মুরগির দামেও কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭০ থেকে ১৮০ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে।
অন্যদিকে মাছের বাজারে এখনো দামের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। ফলে সবজি, ডিম ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিললেও মাছ কিনতে গিয়ে আগের মতোই বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।
১০৭ বার পড়া হয়েছে