শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী গারো ওয়ানগালা উৎসব শুরু
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুরের ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’। মরিয়ামনগর সাধু জর্জ ধর্মপল্লীতে শুভ সূচনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহ তৈরি হয়েছে। এই উৎসব ঘিরে স্থানীয় নৃগোষ্ঠী পরিবারের মাঝে বইছে আনন্দের জোয়ার।
ঝিনাইগাতী উপজেলার মরিয়ামনগর সাধু জর্জ ধর্মপল্লীতে অনুষ্ঠানের প্রথম দিনে সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সিএসসি’র ডিকন পল নোয়াস ধান এই উদ্বোধনী প্রার্থনার পরিচালনায় ছিলেন। অনুষ্ঠানে প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্সন চাম্বুগং আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন।
উৎসবের প্রথম দিনের কর্মসূচিতে শিশুদের চিত্রাঙ্কন, গারো ভাষার ছড়া ও আবৃত্তি প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। সন্ধ্যার পর গারো শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাধারণ খেলাধুলার পাশাপাশি প্রার্থনা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
উচ্ছ্বাসের এই আয়োজনের শেষ দিনে অনুষ্ঠিত হবে ফসল কাটার বিশেষ ধর্মীয় ‘থক্কা’ অনুষ্ঠান। ওইদিন সন্ধ্যায় ঘরে ঘরে ঐতিহ্যবাহী কীর্তন পরিবেশিত হবে। শেরপুরের সিংহভাগ গারো খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেও তারা প্রাচীন ‘সাংসারেক’ প্রথা অনুযায়ী নবান্নের অর্ঘ্য নিবেদন করে থাকেন।
উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে মরিয়ামনগর হাই স্কুল মাঠের ঐতিহ্যবাহী মেলা। মেলায় গারো সম্প্রদায়ের নিজস্ব পোশাক, হস্তশিল্প, নানা রঙের আসবাবপত্র, ধর্মীয় সরঞ্জাম এবং হরেক রকমের খাবারের স্টল বসেছে।
১১৯ বার পড়া হয়েছে