ফুলবাড়ীতে দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বসতবাড়ির মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকা বিদ্যুৎ বিল আসার ঘটনা ঘটেছে। বাসাবাড়িতে সামান্য আলো-পাখা ও মিশুক গাড়ি চার্জ ছাড়া তেমন কিছু ব্যবহার না করা সত্ত্বেও এই বিল দেখে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। অভিযোগ জানাতে বিদ্যুৎ অফিসে গিয়ে সুরাহা তো মেলেনি, উল্টো হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী দিনমজুর মো. ইউনুস আলী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের আফতাব আলীর ছেলে। আড়াই শতক ভিটেমাটিতে ছয় সদস্যের পরিবার নিয়ে কোনোমতে দিনাতিপাত করেন তিনি। তাঁর একমাত্র আয়ের মাধ্যম একটি ছোট মিশুক গাড়ি।
বিলের প্রাপ্ত কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ২৩ হাজার ২৭ টাকা, অক্টোবরে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে ১৭ হাজার ৮৪৩ টাকা বিল তৈরি করা হয়েছে। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট ব্যবহার দেখিয়ে এই বিপুল অঙ্কের বিল পাঠানো হয়।
অস্বাভাবিক এই বিল সংশোধনের জন্য বারবার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো প্রতিকার মেলেনি। উল্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে থেকে অবহেলা ও দুর্ব্যবহার পেতে হয়েছে বলে অভিযোগ ইউনুসের। উপায় না পেয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সাহায্য চান।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে জানানো উচিত, সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। বিল যদি প্রকৃতপক্ষে ৫০ হাজার টাকা এসে থাকে তবে তা পরিশোধ করতে হবে, তবে কোনো ভুল থাকলে খতিয়ে দেখা হবে।
১১৭ বার পড়া হয়েছে