সান্তো ডোমিঙ্গোতে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৭৯, আহত ১৫০’র বেশি
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্তো ডোমিঙ্গোতে বিখ্যাত জেট সেট নাইটক্লাবে ছাদ ধসের মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে, যখন ক্লাবটিতে চলছিল জনপ্রিয় মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজের কনসার্ট।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, কনসার্টের সময় ভেতরে শত শত মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ করেই ছাদ ধসে পড়লে আনন্দঘন পরিবেশ মুহূর্তেই ভয়াবহ এক ট্র্যাজেডিতে রূপ নেয়।
নিহতদের মধ্যে আছেন প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের সন্ধানে কাজ করে চলেছেন। ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানান, এখনও অনেকে ধসে পড়া অংশের নিচে জীবিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ চালালে প্রাণহানি আরও কমানো সম্ভব হতে পারে।
উল্লেখ্য, জেট সেট ক্লাবটি সান্তো ডোমিঙ্গোর একটি অভিজাত ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র। প্রতি সোমবার এখানে আয়োজিত হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, যেখানে নিয়মিতভাবে উপস্থিত থাকেন রাজনীতিক, ক্রীড়াবিদ ও সামাজিক বিশিষ্টজনেরা।
এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
২৮৪ বার পড়া হয়েছে