সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো ‘পুতুলের বিয়ে’

আওলাদ রুবেল,  ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শিশু-কিশোরদের উচ্ছ্বাসে ময়মনসিংহে মঞ্চস্থ হয়েছে অনসাম্বল থিয়েটারের ৫০তম প্রযোজনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ নাটক ‘পুতুলের বিয়ে’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন মো. আবুল মনসুর।

ময়মনসিংহ থেকে আওলাদ রুবেল জানান, নাটকটি দেখতে মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় জমে। সব আসন পূর্ণ হওয়ার পরও অসংখ্য দর্শক নাটক দেখার অপেক্ষায় ছিলেন। জায়গার সংকুলান না হওয়ায় তাঁদের অনেককেই ফিরে যেতে হয়। শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

‘পুতুলের বিয়ে’ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে শিশুদের পুতুলের বিয়েকে ঘিরে। কমলির দুটি ছেলে পুতুলের একটি ফুচুং। তার চেহারা চীনা আদলের হওয়ায় তাকে জামাই হিসেবে গ্রহণ করতে অনীহা দেখা দেয়। অন্যদিকে কমলির আরেক পুতুল ডালিম কুমারের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাকে জামাই করার জন্য মেয়েদের মায়েদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। বিয়ের আয়োজন, হাস্যরস, মান-অভিমান ও নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

তবে নাটকটি কেবল পুতুলের বিয়ের গল্পে সীমাবদ্ধ নয়। শিশুদের খেলার ছলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতে তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা, নারী-পুরুষের সমতা ও মানবিক মূল্যবোধের বার্তা। হিন্দু-মুসলমানের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা নাটকটির অন্যতম প্রধান বক্তব্য।

পাশাপাশি বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধেও নাটকটিতে রয়েছে সচেতন বার্তা। লোকজ ছড়া, গান, হাস্যরস ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ নাটকটিকে শিশুদের কাছে আরও উপভোগ্য করে তুলেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মো. ইউসুফ আলী, শাহনাজ নাহিদ খান শম্পা, সাবিনা ইয়াসমিন রুবি, ফারজানা হক নীলা, জাকিয়া সুলতানা শম্পা, প্রিয়াঙ্কা প্রিয়া ও অনুশ্রী সাহা মিষ্টি।

নাটকের সেট ও পোশাক পরিকল্পনায় ছিলেন উজ্জ্বল চৌধুরী। আলোক প্রক্ষেপণে দায়িত্ব পালন করেন অজিত বনিক, সংগীত প্রক্ষেপণে আসাদুজ্জামান রুবেল এবং ঢোলে ছিলেন লালচান। মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন মোশাররফ হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, দেবল আদিত্য, আলমগীর হোসেন পাভেল, রিপন গোয়ালা অভি ও জয় ঘোষ।

বাঁশরীর সহযোগিতায় অনসাম্বল থিয়েটার নাটকটি প্রযোজনা করে। উদ্বোধনী পর্বে আনুষ্ঠানিকভাবে নাটকটির উদ্বোধন করেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, গবেষক ও লেখক স্বপন ধর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও নির্দেশক নাট্যজন সৈয়দ মামুন রেজা, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না এবং চিত্রশিল্পী ও শিক্ষক তাপস মজুমদার।

এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তারেক সালাউদ্দিন, সংস্কৃতিজন সুপ্রিয় বণিক ও জাহাঙ্গীর আকন্দ, লোকজ নাট্যদলের সভাপতি নাট্যজন আবুল কাশেম সরকার, রংধনু থিয়েটারের সভাপতি নাট্যজন হেদায়েতুল হক টিংকু এবং থিয়েটার সংলাপের সভাপতি নাট্যজন সুবির দত্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ নাট্যজন অ্যাডভোকেট আবুল কাশেম, সন্দিপন সাংস্কৃতিক সংস্থার পরিচালক মাহবুব হোসেন খান শরীফ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগরণী নাট্যগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার জয়, বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি চিত্রশিল্পী মো. রাজন এবং নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আলী হোসেন রনি। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সংগঠক, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমীরাও উপস্থিত ছিলেন।

নাটকের নির্দেশক ও অনসাম্বল থিয়েটারের কর্ণধার মো. আবুল মনসুর বলেন, দলের ৫০তম প্রযোজনা হিসেবে ‘পুতুলের বিয়ে’র মঞ্চায়ন অনসাম্বল থিয়েটারের নাট্যযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। শিশুদের বিনোদনের পাশাপাশি অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও সম্প্রীতির যে বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নাটকটিতে তুলে ধরেছেন, বর্তমান সময়েও তা বিশেষভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, আগামীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সামনে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০