ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ৭শ'র বেশি হামলা, হতাহত ১২১
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭শ'র বেশি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হুথি বাহিনীর অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
এক্সবার্তায় তিনি বলেন, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে হুথি বাহিনীর অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। পাশাপাশি তাদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব এলাকায় হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান এবং নতুন করে মোতায়েন করা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে সরকারি বাহিনী।
দেশটিতে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এই সামরিক অভিযান পরিচালিত হলো। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে বা নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
১২৫ বার পড়া হয়েছে