লালমাটিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। বুধবার রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরে লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওয়ারী গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের কথা জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।
২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন আনোয়ারুল আজীম আনার। পরে তাঁর বন্ধু ও কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস সেখানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতে তদন্ত শুরু হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে। এ ঘটনায় কলকাতায় একটি মামলা হয়। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন ডরিন।
বাবার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে তাঁকেই গ্রেপ্তার করল ডিবি।
১৩৬ বার পড়া হয়েছে