কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা, তিনজনের যাবজ্জীবন
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের নামের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তিনজনই কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনের বাড়িও একই এলাকায়। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন কিশোরগঞ্জ জেলা শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ২০০৮ সালের ১১ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের ওই হোটেলে যান। একপর্যায়ে জয়নালকে চা-পুরি খাওয়ানোর কথা বলে হোটেল থেকে বাইরে ডেকে নিয়ে যান তাঁরা। এরপর থেকে নিখোঁজ ছিলেন জয়নাল।
পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে।
তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর তদন্তে নতুন তথ্য পাওয়া যায়। আগের গ্রেপ্তার ব্যক্তিদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
১০৬ বার পড়া হয়েছে