সরকারিভাবে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাই দারুসসালামে ৩৭০ জন দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ পুরুষ কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এসব কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর বিকেল ৪টা।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে।
বেতন ও যোগ্যতা
বেশির ভাগ পদে দৈনিক ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার মজুরি দেওয়া হবে। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৬৫০ ব্রুনাই ডলার।
পদ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস চাওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীরা নিয়োগকর্তাদের কাছ থেকে অগ্রাধিকার পেতে পারেন।
চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের শ্রম চুক্তি করা হবে। পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ থাকবে। প্রতিদিন আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত। ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের বিমানভাড়া ও আবাসন খরচ বহন করবে। তবে খাবারের খরচ কর্মীদের নিজেদের বহন করতে হবে।
আবেদন ও অন্যান্য খরচ
আবেদনের সময় ১০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ নির্ধারিত অফেরতযোগ্য ফি পরিশোধ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হলে দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।
সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ বরাবর পে-অর্ডার করতে হবে। এর মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং দেশে মেডিক্যাল পরীক্ষার খরচও প্রার্থীকে বহন করতে হবে।
প্রতারণা এড়াতে বোয়েসেলের সতর্কতা
নিয়োগের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে প্রার্থীদের পরামর্শ দিয়েছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি ও চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা শুধু বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ড এবং অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এ ছাড়া ‘BOESL’ লেখা পোর্টাল অথবা ০১৫৫২১৪৬৪৫৬ নম্বর থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে।
বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না। দেশের কোথাও তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। তাই নিয়োগের কথা বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগসংক্রান্ত জরুরি তথ্যের জন্য ০১৭৬৫-৪১১৬৫৩ নম্বরে এবং ওইপি-সংক্রান্ত তথ্যের জন্য ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।
১২৭ বার পড়া হয়েছে