সর্বশেষ

সারাদেশ

মোবাইল অ্যাপেই চলছে নওগাঁর গরুর খামার, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের গরুর খামার পরিচালিত হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে। ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে খামারের তাপমাত্রা, আর্দ্রতা, ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার। এতে খামার পরিচালনায় শ্রমিকের ওপর নির্ভরতা কমার পাশাপাশি মাসে সাশ্রয় হচ্ছে প্রায় ২০ হাজার টাকা।

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে নওগাঁর গরুর খামার পরিচালনার প্রচলিত পদ্ধতি। একসময় খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক লোকবল নিয়োগ ও সরাসরি নজরদারি করতে হতো। এখন দূরে বসেই একটি স্মার্টফোনের মাধ্যমে খামারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যাচ্ছে।

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের খামারে চালু হয়েছে এই আধুনিক ব্যবস্থা। আইওটি প্রযুক্তির মাধ্যমে খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য জানা যাচ্ছে মোবাইল ফোনে। প্রয়োজন অনুযায়ী দূর থেকেই চালু বা বন্ধ করা যাচ্ছে ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার।

খামারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রযুক্তি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে ব্যয় হতো প্রায় দেড় লাখ টাকা। প্রযুক্তি ব্যবহারের পর সেই ব্যয় কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। এতে প্রতি মাসে সাশ্রয় হচ্ছে প্রায় ২০ হাজার টাকা। বছরে সাশ্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই খামারে আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এতে মোট ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফের আর্থিক সহায়তা ছিল ৫০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা দিয়েছেন খামারি নুর এ আলম। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্বল্প বিনিয়োগে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

রাণীনগর উপজেলা থেকে খামারটি দেখতে এসেছেন খামারি আরিফ মাহমুদ। তিনি বলেন, আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করতে হতো। কখন ফ্যান চালাতে হবে, কখন পানি ছিটাতে হবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, এসব বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন মোবাইল ফোনের মাধ্যমে দূরে থেকেও খামারের প্রয়োজনীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। বিষয়টি জানতে পেরে তিনি খামারটি দেখতে এসেছেন।

আরিফ মাহমুদ আরও বলেন, এই প্রযুক্তি ব্যবহারে খামারের পরিচালন ব্যয়ও কমেছে। আগে মাসে দেড় লাখ টাকা ব্যয় হলেও এখন তা কমে ১ লাখ ৩০ হাজার টাকায় নেমেছে। শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে, যা একজন খামারির জন্য বড় সুবিধা। তিনিও নিজের খামারে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন।

হাসিন-হাসিব ডেইরি ফার্মের ব্যবস্থাপক ময়ফুল ইসলাম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকেই ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু এবং বন্ধ করা যায়। এতে শ্রমিকের ওপর নির্ভরতা কমার পাশাপাশি সময় ও পরিচালন ব্যয় সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে গবাদিপশুর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সহজ হয়েছে।

তবে পরিচালন ব্যয় কমলেও বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে বলে জানান ময়ফুল ইসলাম। কারণ, ফ্যান, ব্লোয়ার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার এখনো প্রয়োজন অনুযায়ী করতে হচ্ছে। তাঁর মতে, পরিবেশের তথ্য বিশ্লেষণ করে যন্ত্রপাতির ব্যবহার আরও কার্যকর করা গেলে ভবিষ্যতে ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি সুফল পাওয়া সম্ভব।

মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, গরুর খামারে তাপমাত্রার তারতম্য, অতিরিক্ত আর্দ্রতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরমের সময় হিট স্ট্রেসের কারণে গরুর খাবার গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এর প্রভাব পড়ে দুধ উৎপাদনেও। এসব সমস্যা এড়াতে খামারের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক খামারির পক্ষে তা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, খামারে স্থাপন করা আইওটি প্রযুক্তিতে তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ সেন্সর রয়েছে। এসব সেন্সরের মাধ্যমে সংগৃহীত তথ্য মোবাইল অ্যাপ বা মনিটরিং ড্যাশবোর্ডে দেখা যায়। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান বা স্প্রিংকলার চালু করা যায়। চাইলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া দূর থেকেই ব্লোয়ার, লাইট ও এক্সহস্ট ফ্যান নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় এবং গবাদিপশুর পরিচর্যার মান উন্নত হয়।

নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত উপায়ে খামার পরিচালনা করা সম্ভব। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই খামারে প্রথমবারের মতো এমন প্রযুক্তি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এ ধরনের প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া গেলে খামারিরা আরও বেশি উপকৃত হবেন। বিশেষ করে শ্রমিক সংকট মোকাবিলায় প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০