কুয়াকাটায় গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সমুদ্রের নোনা জলে পুণ্যস্নান করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা। এ সময় ধর্মীয় আচার, উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে সৈকত।
জাগতিক পাপ মোচন এবং পুণ্য অর্জনের আশায় প্রতিবছরের মতো এবারও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নানে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার ভোরে সমুদ্রের পানিতে স্নানের মধ্য দিয়ে শেষ হয় রাস উৎসবের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা।
পুণ্যস্নানের আগে সমুদ্রের জলে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্বপুরুষদের স্মরণ এবং মানত পূরণের উদ্দেশ্যে মাথা ন্যাড়া করেন। পাশাপাশি পিণ্ডদানও করেন কেউ কেউ।
এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা।
এর আগে সোমবার রাতভর চলে ধর্মীয় নানা আয়োজন। এর মধ্যে ছিল ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা।
কুয়াকাটায় রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে তিন দিনব্যাপী এ উৎসব চলবে। উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও আশপাশের এলাকায় থানা পুলিশ, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতি ছিল।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে মানবতা রক্ষায় কংস রাজাকে বধের পর পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের পরম প্রেমের প্রকাশ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন হয়েছে বলে তাঁরা মনে করেন।
সত্য ও সুন্দরের জয় কামনায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।
১৩২ বার পড়া হয়েছে